হাওজা নিউজ এজেন্সি’র এক প্রতিবেদনে আয়াতুল্লাহ আল-উজমা মুহাম্মদ তাকী বাহজাতের (রহ.) বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে হযরত ফাতিমা (সা.)-এর জীবন, শাহাদাত এবং তাঁর মর্যাদা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়েছে।
হযরত ফাতিমার (সা.আ.) অসিয়তের তাৎপর্য
হযরত ফাতিমা (সা.আ.) যেসব বিষয়ে অসিয়ত করেছিলেন, সেগুলোর মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে। যেমন—হযরত আলীকে (আ.) তাঁর পরিহিত পোশাকের ওপর দিয়েই গোসল করানোর নির্দেশ, রাতে দাফন করা এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তাঁর জানাজায় উপস্থিত না রাখার অসিয়ত। এ ছাড়া তাঁর মরদেহ যেন প্রকাশ না পায়, সে জন্য কফিন তৈরির নির্দেশও দিয়েছিলেন তিনি।
সংসারের কাজকর্মের পাশাপাশি সহজে জিকির করার জন্য ৩৪ অথবা ১০০ দানার তাসবিহ তৈরির নির্দেশও দিয়েছিলেন হযরত ফাতিমা (সা.আ.)।
হযরত ফাতিমার (সা.আ.) সত্তায় গচ্ছিত রহস্য
‘আল-সিররুল মুস্তাওদা ফিহা’—অর্থাৎ ‘তাঁর মধ্যে গচ্ছিত রাখা সেই রহস্য’ বলতে কী বোঝানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে আয়াতুল্লাহ বাহজাত (রহ.) বলেন, সম্ভবত এই রহস্য বলতে তাঁর বংশধরদের মধ্য থেকে এমন এক ব্যক্তির অভ্যুত্থান বা আবির্ভাবকে বোঝানো হয়েছে, যাঁকে নির্ধারিত সময় পর্যন্ত আমানত হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে। নির্ধারিত সময় এলে তিনি আত্মপ্রকাশ করবেন।
এ প্রসঙ্গে তিনি হযরত ফাতিমার (সা.) ওপর নেমে আসা অসহনীয় দুঃখ-কষ্টের কথা উল্লেখ করে একটি কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করেন। এর অর্থ—‘আমার ওপর এমন সব বিপদ নেমে এসেছে, সেগুলো যদি দিনগুলোর ওপর আপতিত হতো, তবে দিনগুলো রাত হয়ে যেত।’
সব শিয়াই হযরত ফাতিমার (সা.আ.) সন্তানতুল্য
আয়াতুল্লাহ বাহজাত (রহ.) বলেন, সব শিয়াই হযরত ফাতিমার (সা.আ.) সন্তানতুল্য। তবে আল্লাহই ভালো জানেন, আমরা এমন কী কী কাজ করি, যেগুলোর কারণে তিনি আমাদের ও আমাদের কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্ট হতে পারেন।
হযরত আলী (আ.) ও ফাতিমার (সা.আ.) মর্যাদা সম্পর্কে আয়েশার বর্ণনা
হযরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, ‘পুরুষদের মধ্যে আলী আমার কাছে সবচেয়ে প্রিয়, আর নারীদের মধ্যে ফাতিমা।’
হযরত আয়েশা থেকে আরও বর্ণিত হয়েছে, হযরত ফাতিমার (সা.আ.) চলার ভঙ্গি ছিল তাঁর পিতা রাসুলুল্লাহর (সা.) চলার ভঙ্গির মতো।
হযরত ফাতিমার (সা.আ.) জিয়ারত ও বিপদমুক্তির প্রসঙ্গ
আয়াতুল্লাহ বাহজাত (রহ.) একটি স্বপ্নের ঘটনা উল্লেখ করেন। এক ব্যক্তি তাঁকে জানিয়েছিলেন, স্বপ্নে তাঁকে বলা হয়েছে—মানুষকে জানাতে, বিপদ-আপদ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে যেন তারা নিয়মিত হযরত ফাতিমার (সা.) জিয়ারত করেন।
আয়াতুল্লাহ বাহজাত (রহ.) বলেন, প্রথমে তিনি স্বপ্নটির তাৎপর্য বুঝতে পারেননি। পরে তাঁর মনে হয়েছে, এর একটি ব্যাখ্যা হতে পারে—হযরত ফাতিমা (সা.আ.) আজকের মানুষের জন্যও নির্যাতিত ও শাহাদাতবরণকারী।
তিনি ব্যাখ্যা করেন, যারা সেদিন হযরত ফাতিমার (সা.আ.) ওপর সংঘটিত অন্যায় ও নির্যাতনকে সমর্থন করেননি এবং তাতে সন্তুষ্ট ছিলেন না, তাদের জন্য বিপদমুক্তির আশা করা যায়। কারণ, আজ তাঁর জিয়ারত করার মধ্য দিয়ে মানুষ সেই ঘটনার প্রতি নিজেদের অবস্থান এবং হযরত ফাতিমার (সা.আ.) প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করে। সেদিন উপস্থিত থেকে আনুগত্য প্রকাশের সুযোগ না থাকলেও আজ জিয়ারত, দোয়া ও তাওয়াসসুলের মাধ্যমে তারা সেই বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটায়। এভাবে তারা বিপদের আওতা থেকে মুক্ত থাকতে পারে।
আপনার কমেন্ট